পার্বত্যাঞ্চলে অবরোধে এখনো সাজেকে আটকা প্রায় ১৪০০ পর্যটক
রাঙ্গামাটি-খাগড়াছড়িতে ৭২ ঘন্টার অবরোধের শেষ দিন
পার্বত্যাঞ্চলে অবরোধে এখনো সাজেকে আটকা প্রায় ১৪০০ পর্যটক

৭২ ঘন্টা সড়ক অবরোধের শেষ দিন চলছে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে। তবে, রাঙ্গামাটিতে পরিবহন ধর্মঘট প্রত্যাহার হওয়ায় কিছু যানবাহন চলাচল করছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) তৃতীয় দিনেও খাগড়াছড়ি আন্তঃজেলা ও আভ্যন্তরীন সড়কে যানবাহন চলাচল করছে না। তবে শহরের পরিস্থিতি স্বাভাবিক। হাট-বাজারে আগের মতো বাঙালিদের পাশাপাশি পাহাড়িদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এদিকে, পর্যটন স্পট সাজেকে আটকা পড়েছেন প্রায় ১৪০০ পর্যটক। অবরোধের কারণে তারা ফিরতে পারছেন না। রাঙ্গামাটিতে মালিক-শ্রমিকদের ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার হলেও চলছে পাহাড়ী ছাত্র-জনতার ডাকা অবরোধ। সকাল থেকে জেলা শহরে সব ধরনের যানবাহন চলাচল করছে। ছেড়েছে দুরপাল্লার কিছু বাস। খুলেছে দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠান। নৌপথে লঞ্চ বোট চলাচল করছে না। রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
রাঙ্গামাটিতে পাহাড়ী ছাত্র জনতার ডাকা অবরোধ: এদিকে রাঙ্গামাটিতে মালিক শ্রমিকের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ৩৬ ঘন্টা পর প্রত্যাহার করা হলেও পাহাড়ি ছাত্র জনতার ডাকা সড়ক ও নৌপথ অবরোধ চলমান রয়েছে। রবিবার রাতে জেলাপ্রশাসনের সাথে বৈঠকে বসেন পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দ। প্রশাসনের আশ্বাসে ৩৬ ঘন্টা পর তারা ধর্মঘট প্রত্যাহার করে নেন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সকাল থেকে জেলা শহরে সব ধরনের যানবাহন চলাচল করতে দেখা গেছে। শহরের একমাত্র লোকাল বাহন সিএনজি অটোরিক্সা চলাচল করছে। এছাড়াও দুরপাল্লার বাস ছাড়তেও দেখা গেছে।
উল্লেখ্য যে, মোটরসাইকেল চুরির অপরাধে খাগড়াছড়িতে ফার্নিচার ব্যবসায়ী মামুনকে পিটিয়ে হত্যার জেরে সহিংসতা ছড়িয়ে পড়ে পার্বত্য জেলায়। ডাকা হয় ৭২ ঘণ্টার অবরোধ।



Comments
Post a Comment